স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান শেখ (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ইমরান গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
ইউএনও আবুল খায়ের বলেন, ওই যুবক দুই মাস ধরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই ছাত্রীর মা এ ব্যাপারে অভিযোগ করার পর আজ সকালে পুলিশ আলফাডাঙ্গা থেকে ইমরানকে আটক করে। পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। দণ্ড দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।