স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কলেজছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্নাতক পড়ুয়া এক কলেজছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন এই সাজা দেন। 

কারাদণ্ডপ্রাপ্ত ছাত্র হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী এলাকার জয়দেব রায়। তিনি রংপুর সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঢোকেন জয়দেব। তিনি বিদ্যালয়ের দোতলায় উঠে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। তখন অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। বিষয়টি মুহূর্তেই বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষক ও কর্মচারীরা জয়দেবকে আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পরে স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।