স্কুলছাত্রীকে উত্ত্যক্তের পর মোটরসাইকেল দিয়ে ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) এক বখাটে উত্ত্যক্ত করার পর মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে ছত্রকান্দা গ্রামের হাসিবুর রহমান (২০) এ ঘটনা ঘটিয়েছে বলে ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

ওই ছাত্রীর এক সহপাঠী জানায়, ছুটির পর বিদ্যালয় থেকে তারা বাড়ি ফিরছিল। বেলা পৌনে দুইটার দিকে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে হাসিবুর পেছন দিক থেকে এসে ওই ছাত্রীর গায়ে হাত দেন। সে সময় ছাত্রী চিৎকার করে উঠলে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে চলে যায়। এ সময় ওই মোটরসাইকেলে হাসিবুরের সঙ্গে আরও দুই তরুণ ছিলেন।

ওই ছাত্রী জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করে তাকে উত্ত্যক্ত করেন হাসিবুর।

এ ঘটনায় বিচার দাবি করে ছাত্রীর মা বলেন, ‘বখাটেদের কারণে কি মেয়েরা ঘরে বসে থাকবে? এ রকম হলে মেয়েরা কীভাবে পড়াশোনা করবে?’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘মেয়েটি অনেক মেধাবী। উপজেলা পর্যায়ে সেরা বিতার্কিক। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে হাসিবুর এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কাউকে তিনি উত্ত্যক্ত করেননি ও মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারেননি।