স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ভাইকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা (৪০) ও ছোট ভাইকে (৮) পিটিয়ে জখম করা হয়েছে।
মেয়টির আহত বাবাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ওই ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে স্বপন অধিকারী (২৫) নামের এক তরুণ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে অশালীন কথাবার্তা বলতেন স্বপন। একপর্যায়ে বিষয়টি সে (ছাত্রী) তার বাবাকে জানায়। বিষয়টি নিয়ে তিনি স্বপনের সঙ্গে কথা বলেন এবং তাঁর মেয়েকে উত্ত্যক্ত না করার জন্য অনুরোধ করেন। এরপরও স্বপন উত্ত্যক্ত করতেন। ছাত্রীর বাবা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। এতে স্বপন ক্ষুব্ধ হন। তাঁকে ও তাঁর মেয়েকে হত্যা করার হুমকি দেওয়া হয়। গতকাল দুপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে বাবা বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে দুইটার দিকে স্বপনের বাড়ির সামনে পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন স্বপন। বাবাকে বাঁচাতে শিশুটি এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।