স্কুলছাত্রীকে কুপিয়ে আহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) কুপিয়ে জখম করেছে প্রতিবেশী ও তার লোকজন। তারা মেয়েটির মা ও বড় ভাইকে পিটিয়ে আহত করে।
স্কুলছাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন বলেন, মেয়েটির মাথায় কোপ লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কুলছাত্রীর মা অভিযোগ করে বলেন, তাঁর স্বামীর সঙ্গে প্রতিবেশী সুশান্ত মণ্ডলের (৩০) জমি নিয়ে বিরোধ চলছে। স্বামী বিদেশে থাকায় প্রতিবেশীরা তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার রাতে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে গেলে সুশান্ত তাঁকে জাপটে ধরে। তিনি চিৎকার দিলে সুশান্ত ও তার কয়েকজন সহযোগী তাঁকে মারপিট করতে থাকে। চিৎকার শুনে তাঁর ছেলে ও মেয়ে এগিয়ে এলে হামলাকারীরা মেয়েকে কুপিয়ে ও ছেলেকে পিটিয়ে আহত করে।
সুশান্ত মণ্ডলের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই গৃহবধূ গতকাল সোমবার সকালে থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।