স্কুলছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় নবম শ্রেণির এক ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে আজ সোমবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে এ ঘটনার কারণ জানা যায়নি।
ওই ছাত্রীর নাম ক্যাথরিন রায় (১৫)। সে স্থানীয় মনপুরা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচড় গ্রামের তপন রায়ের মেয়ে সে। দুই বোনের মধ্যে ক্যাথরিন ছিল বড়।
ওই ছাত্রীর চাচা রিপন রায় বলেন, উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের সপ্তম তলা একটি ভবনের ষষ্ঠ তলায় পরিবারের সঙ্গে থাকত ক্যাথরিন রায়। আজ বিকেলে সবার অজান্তে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়াছিন গাজী বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।