স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। গত সোমবার উপজেলার মজিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা দুই বখাটেকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে।

পুলিশ এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলা সদরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায়ই মজিদপুর গ্রামের বাসিন্দা মন্টু দাসের ছেলে নির্মল দাস (২০), ভবানীপুর গ্রামের সাধু দাসের ছেলে পিংকু দাস (১৯) উত্ত্যক্ত করতেন। গত সোমবার বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর টেম্পোতে ওই ছাত্রী মজিদপুর যায়। টেম্পো থেকে নামার পর নির্মল, পিংকুসহ আরও কয়েকজন তাকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে বখাটেরা তার হাত ধরতে চাইলে সে চিৎকার দেয়। তখন তাঁরা ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। পরে মেয়েটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে পিংকু ও নির্মলকে ধরে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে।