স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দিলেন মাতব্বরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি গত ২৮ জুনের। গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়। স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নেয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর (১২) সঙ্গে একই উপজেলার নবম শ্রেণির এক ছাত্রের (১৬) বন্ধুত্ব হয়। ২৬ জুন ঈদের দিন তারা একসঙ্গে ঘুরতে বের হয়। পরে স্থানীয় মাতব্বরেরা দুজনকে আটক করে ছেলের বাড়িতে নিয়ে যান। এদিকে মেয়ের বাবা অনেক খোঁজাখুঁজি করেও সন্তানকে পাননি। খবর পেয়ে মেয়ের বাবা বন্দর থানা থেকে এসআই মোহাম্মদ আলীমসহ পুলিশ নিয়ে ছেলের বাড়িতে যান। পরে গ্রাম্য মাতব্বরেরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিলে পুলিশ ফিরে যায়। এর দুদিন পর ছেলের গ্রামে সালিস বসে। সালিসে মাতব্বরেরা ছেলে ও মেয়ের বিয়ের রায় দেন। এ সময় মেয়ের বাবা মাতব্বরদের রায়ের প্রতিবাদ করে সালিস থেকে চলে যান এবং থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে এসআই আলীম ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান। ওই দিন রাতেই কাবিল হোসেনসহ স্থানীয় কয়েকজন মাতব্বর বিয়ের জন্য স্থানীয় কাজি ফয়েজকে নিয়ে আসেন। মেয়ের বয়স ১২ বছর ও ছেলের বয়স ১৬ বছর হওয়ায় কাজি বাল্যবিবাহে অনীহা প্রকাশ করে ফিরে যান। পরে মাতব্বরেরা ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে পাঁচ লাখ টাকার দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করে ছেলের বাড়িতে মেয়েকে রেখে দেন।

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার স্ত্রী কয়েক মাস আগে মারা গেছে। আমার মেয়ের নামে ৬ শতাংশ জমিসহ একটি বাড়ি আছে। সম্পত্তির লোভে আমার মেয়েকে তুলে ওই ছেলের বাড়িতে নিয়ে গ্রাম্য মাতব্বরেরা জোর করে বিয়ে দিয়েছেন। মাতব্বরেরা ছেলের পক্ষ থেকে টাকাপয়সা খেয়ে এ কাজ করেছেন। বিয়েতে আমি রাজি না হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো পুলিশ ও গ্রাম্য মাতব্বরেরা আমাকে ভয়ভীতি দেখিয়েছেন।’

কাবিল হোসেন বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে স্থানীয় মাতব্বরেরা আমাকে সালিস বৈঠকে নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই বিবাহের কথা উঠে আসে। তারপর তাদের বিয়ে দেওয়া হয়।’

মদনপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইমন বলেন, ‘এ বিবাহে আমি রাজি ছিলাম না। পরে আমাকে না জানিয়ে মেয়ের বাবার অসম্মিতে জোর করে বাল্যবিবাহ দিয়েছেন স্থানীয় মাতব্বরেরা। থানায় অভিযোগ দায়ের করার পর এসআই মোহাম্মদ আলীম ফোনে আমার সঙ্গে কথাও বলেছেন। মাতব্বরেরা আইনবিরোধী কাজ করেছেন।’

এসআই মোহাম্মদ আলীম বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়ে অভিযোগের সত্যতা পাই। তবে গ্রাম্য মাতব্বরেরা স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, তাই বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’