স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ
বান্দরবানের আলীকদমে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দুবৃর্ত্তরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রীকে গতকাল রোববার আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
কিশোরীর পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত শুক্রবার রাতে উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে সবুর ঘোনাপাড়ায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে দুর্বৃত্তরা কিশোরীকে তুলে নিয়ে যায়। কিশোরীর বড় বোন বলেন, গভীর রাতে বাড়ির বাইরের জঙ্গলে তার বোনের আর্তচিৎকার শুনে তাঁরা সেখানে যান। প্রায় অজ্ঞান অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
আলীকদম সদর ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকের হোসেন বলেন, উদ্ধারের পর কিশোরীর বাবা কাউকে না জানিয়ে এবং হাসপাতালে ভর্তি না করে বাড়িতে চিকিৎসা দিয়েছেন। কিন্তু গতকাল অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, কিশোরীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী বলেছে, পাঁচজন দুবৃর্ত্ত তাকে মুখে কাপড় গুঁজে দিয়ে তুলে নিয়ে যায়। তারা তাকে উপর্যুপরি নির্যাতন করে এবং পরে সে অজ্ঞান হয়ে পড়ে। দুর্বৃত্তদের মধ্যে পান বাজারের শহীদুল ইসলাম, নোয়াপাড়ার রনি ও মিনহাজকে চিনতে পারলেও দুজনকে চেনে না। এদের মধ্যে শহীদুল ইসলাম বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত। এ জন্য আতঙ্কে দুই মাস আগে সে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
কিশোরীর বড় বোন জানান, ভয়ে তাঁর বোনের পড়াশোনা তারা বন্ধ করে দিয়েছে। এ জন্য তাকে (বোনকে) দেখতে না পেয়ে শহীদুল ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেছেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আর কে কে ঘটনার সঙ্গে জড়িত তা বিস্তারিত জানা যাবে।