স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার পর তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার এক আসামিকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমিনুর রহমান (৩০)। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার সস্তিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া গ্রামের আফজাল হোসেন (২৫) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। আফজাল গত ২ মে ওই ছাত্রীকে পাশের মাঝপাড়া গ্রামে আমিনুর রহমানের ঘরে নিয়ে যান। আমিনুর তাদের ওই ঘরে রেখে বাইরে যান। একপর্যায়ে আফজাল মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করেন হবিবপুর মাঝপাড়া গ্রামের লেচু মিয়া (৩৮)। সপ্তাহ খানেক আগে আফজাল লেচু মিয়াকে দিয়ে ওই ভিডিও মেয়ের মাকে দেখান। এরপর মেয়ের পরিবার থেকে বিয়ের জন্য আফজালকে চাপ দিলে তিনি ওই ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেন।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত সোমবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় আফজাল হোসেন, আমিনুর রহমান ও লেচু মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। গতকাল বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গতকাল বেলা দুইটায় সুনামগঞ্জ সদর হাসপাতালে দেখা হলে ওই ছাত্রীর মা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে আফজাল আমার মেয়ের সঙ্গে এই কাজ করেছে। আমরা এর বিচার চাই।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।