স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর মা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেইলগাঁও এলাকায় গত মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, দেইলগাঁও এলাকায় গত মঙ্গলবার বিকেলে স্কুল শেষে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একই এলাকার বাবুল খাঁর প্রবাসী ছেলে সোহান মিয়া (২৬) তাকে তুলে নিয়ে যায়। পরে ওই এলাকার মিজানুর রহমানের বাড়ির পাশে একটি গজারি বনের ভেতর নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সোহান পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, ‘বুধবার (গতকাল) বেলা আড়াইটার পর জরুরি বিভাগ ছাড়া চিকিৎসক ছিলেন না। বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে সে ধর্ষিত হয়েছে কি না।