স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির (১১) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। গ্রেপ্তার কিশোর অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর মা-বাবা চট্টগ্রামে থাকেন। এ কারণে সে দাদির কাছে থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী ওই কিশোর স্কুলছাত্রীর বাড়ি যায়। এ সময় ওই মেয়ের দাদি পাশের বাড়িতে ছিলেন। এই সুযোগে কিশোর ঘরের লাইট বন্ধ করে দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রীর চিৎকারে তার দাদি দ্রুত বাড়িতে ঢুকে কিশোরকে আটকের চেষ্টা করেন। এ সময় ওই কিশোর দাদিকে কিল–ঘুষি মেরে ও হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আজ সন্ধ্যায় স্কুলছাত্রীর দাদি স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন।
স্কুলছাত্রী জানায়, প্রতিবেশী ওই কিশোর পথে-ঘাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, লিখিত অভিযোগ পেয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।