স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোরগঞ্জে সদরের এক জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার স্কুলছাত্রীর বাবা এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
ঘটনার শিকার স্কুলছাত্রী কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকে গিয়ে জেএসসি পরীক্ষা দিচ্ছে মেয়েটি।
গত সোমবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই স্কুলছাত্রী এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় একই এলাকার এক যুবক (২০) রুমাল দিয়ে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে আরও অজ্ঞাতনামা দুই আসামির সহায়তায় অপহরণ করে ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ গজ দূরে নিয়ে যায়। সেখানে স্থানীয় একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে হাত-পা ওড়না দিয়ে বেঁধে অভিযুক্ত যুবক অন্য দুজনের সহায়তায় স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি তিনজনের মধ্যে একজনকে চিনে ফেলে। তখন মূল অভিযুক্ত যুবকটি এ বিষয়টি নিয়ে চুপ থাকতে বলে, না-হয় বাপ-ভাইসহ মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
হাসপাতালে থাকা মেয়েটির মা-বাবা বলেন, রাত নয়টার পরও মেয়ে ফিরে না আসায় তাঁরা আশপাশের বাড়িসহ বিভিন্ন এলাকার বাড়িতে খোঁজখবর নিতে শুরু করেন। তাঁরা বাড়ির পাশে জঙ্গলে মেয়েটির গোঙানির শব্দ শুনে মেয়েটিকে পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।