স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাগমারা থানায় মামলা করেছেন। মোস্তাফিজুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী(১৩) ঘরে বসে বই পড়ছিল। বাড়ির অন্য সদস্যরা পাশের একটি চাতালে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে একই গ্রামের মোস্তাফিজুর রহমান (২২) ওই ছাত্রীর ঘরে ঢোকেন। তিনি ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দিলে ওড়না দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা চালান ওই যুবক।

একপর্যায়ে ওড়না খুলে ছাত্রী চিৎকার শুরু করলে ওই যুবক পালিয়ে যান। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ছাত্রীর কাছ থেকে ঘটনা শোনার পর প্রতিবেশীরা মোস্তাফিজুরের বাড়িতে যান। তখন তিনি পাশের পানবরজে আত্মগোপন করেন। সেখান থেকে মোস্তাফিজুরকে ধরে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে আটকে রাখেন প্রতিবেশীরা।

এরপর থানায় খবর দেওয়া হয়। বেলা ১২টায় ঘটনাস্থলে গিয়ে মোস্তাফিজুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

মোস্তাফিজুরের বাবা আবুবকর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে পানবরজে কাজ করছিল। সেখান থেকে কয়েক নারী তাকে ধরে নিয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে ধরে নিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’

তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, লোকজনের হাতে আটক হওয়ার পর মোস্তাফিজুরকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।