স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ১৭ মার্চ সন্ধ্যায় ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে অভিযোগ পেয়ে পুলিশ আজ রোববার ওই তিনজনকে আটক করে। আজ রাতে ছাত্রীর বাবা ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আটক তিনজন হলো: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আনোয়ার শেখ, একই গ্রামের বরিশাল মেডিকেল ট্রেনিং স্কুলের শিক্ষার্থী সোহাগ শেখ এবং স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শহীদ খাঁ।
ওই ছাত্রীর বাবা বলেন, গত ১৭ মার্চ সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ির পাশে রাজহাঁস আনতে যায়। এ সময় ওই তিনজন অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর মেয়েকে ধর্ষণ করে। তারা মোবাইলে ওই ভিডিও ধারণ করে তা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। এ ঘটনা কাউকে না জানাতে ছাত্রীকে ভয়ভীতি দেখানো হয়। গতকাল শনিবার গ্রামের বিভিন্ন লোকের মোবাইলে ওই ভিডিওটি ছড়িয়েছে বলে জানতে পেরে তিনি পুলিশকে ঘটনাটি জানান। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই তিনজনকে আটক করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, মেয়েটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সময়ে তারা যে মোবাইলে ভিডিও ধারণ করেছিল সেই মোবাইলও জব্দ করা হয়েছে। মেয়েটির বাবা তথ্যপ্রযুক্তি আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।