স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ঘটনার শিকার স্কুলছাত্রী জানায়, ১২ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের এক যুবক ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে হুমকি দেয় ওই যুবক। ঘটনার এক দিন পর মাকে ধর্ষণের বিষয়টি জানায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী। পরে তার মা ঘটনাটি গ্রামের লোকজনকে জানান।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা না হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। গতকাল সোমবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
স্কুলছাত্রীটির মা বলেন, প্রথমে তিনি বিষয়টি গ্রামের মাতবরদের জানান। কিন্তু তাঁরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তিনি থানায় আসতে পারেননি। পরে সোমবার গ্রামের মাতবরদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করেছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় স্কুলছাত্রীর মা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মঙ্গলবার (আজ) ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে। তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো দরকার ছিল।