স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী হাতিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-নৈশপ্রহরী জাকির হোসেন ও তাঁর চাচাতো বোনের বিরুদ্ধে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। জাকিরকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে হাতিয়ায় ওই ছাত্রীর বিদ্যালয়ের সামন থেকে জাকির তাঁর এক চাচাতো বোনের সহায়তায় মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে। এরই মধ্যে পরিবারের সদস্যরা বিষয়টি থানায় অবহিত করেন এবং নিজেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে হাতিয়া থানার পেছনের রাস্তায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. টিপু সুলতান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।