স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং গোপনে ভিডিও ও অশ্লীল ছবি তুলে রাখার অভিযোগে গত শুক্রবার এক কলেজছাত্রকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রটি উপজেলার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
ওই ছাত্রীর অন্যত্র বিয়ের কথা জানতে পেরে তাকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং তার অশ্লীল ছবি ফেসবুকে ছেড়ে দেয় ওই ছাত্র। এ ঘটনায় ঘটনার শিকার ছাত্রীর বাবা থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
ওই ছাত্রীর মামা গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিয়ের প্রলোভনে ওই ছাত্র তার ভাগনির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং কৌশলে আপত্তিকর দৃশ্য ভিডিও করে রাখে। মাস দেড়েক আগে মেয়েটির অন্যত্র বিয়ের কথা জানতে পেরে ছাত্রটি তাকে অ্যাসিড নিক্ষেপ, ইন্টারনেটে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। এর ফলে ছাত্রীটি বাধ্য হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি ছাত্রের বাবাসহ পরিবারের সদস্যদের জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ঘটনার শিকার মেয়েটির বাবা বাদী হয়ে ওই ছাত্রকে একমাত্র আসািম করে গত শুক্রবার থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে রাতেই ওই ছাত্রকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ফেসবুকে ওই ছাত্রীর ছবি ছড়িয়ে দেওয়ার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণ করা হয়েছে কি না, তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। গতকাল ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।