স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেশী নারী মুঠোফোনে ওই ছাত্রীকে তাঁর বাড়িতে আসতে বলেন। সেখানে পৌঁছালে ছাত্রীটিকে একই গ্রামের তিন যুবক জোর করে ঘরে আটকে রাখেন। ওই নারী ঘরের দরজা বন্ধ করে চলে যান। ছাত্রীটি সেখানে ধর্ষণের শিকার হয়। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে বাবা-মাকে এ ঘটনার কথা জানায়। মেয়েটির মা বাদী হয়ে গতকাল রোববার নাজিরপুর থানায় মামলা করেন। এতে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতিবেশী ওই নারী ও অন্য দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। দুপুরেই নারীসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্রীটির মা গতকাল বলেন, ‘এ ঘটনার কথা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে জানিয়েছিলাম। তিনি মামলা না করে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আমরা দোষীদের শাস্তির জন্য মামলা করেছি।’
নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, অভিযোগ পাওয়ায় পরপরই মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।