স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
লক্ষ্মীপুর সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গতকাল শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে দুজনকে আসামি করে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন জামাল উদ্দিন ও তাঁর সহযোগী ওসমান গনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রীকে জামাল উদ্দিন কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওসমান গনি নামের এক ব্যক্তি এ ঘটনায় জামাল উদ্দিনকে সহায়তা করেন। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসাধীন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।