স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত সোমবার এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আল আমিন সরদার (১৯) নামের এক তরুণকে আসামি করে মামলা করেছেন।
নাজিরপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন মেয়েটিকে দুই মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি হয়নি। গত সোমবার রাতে মেয়েটির বাড়িতে একা ছিল। রাত সাড়ে আটটার দিকে আল আমিন মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তাকে মারধরও করা হয়। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে আল আমিন পালিয়ে যান। মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মল্লিক বলেন, আজ বৃহস্পতিবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।