স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ওই কিশোরী নিজে বাদী হয়ে মামলাটি করে। মামলায় একই এলাকার মো. ফরহাদসহ (২৫) তিনজনকে আসামি করা হয়েছে। আসামিদের না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ফরহাদের মাকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহারে কিশোরী অভিযোগ করেছে, গত বুধবার সকালে ওই কিশোরী বাড়ি থেকে পাশের মক্তবে যাচ্ছিল। এ সময় একই এলাকার ফরহাদ তাঁর দোকান থেকে তাকে (কিশোরী) ডাক দিয়ে বলেন, তার (কিশোরী) বড় ভাই দোকানের ভেতর ডাকছেন। কিশোরী দোকানে ঢুকে ভাই কোথায় জানতে চাইলে, ফরহাদ দোকানের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।

কিশোরীর অভিযোগ, বিষয়টি ফরহাদের বাবা ও বড় ভাইকে জানানো হলে তাঁরা তাকে ও এক আত্মীয়কে মারধর করেন। এতে ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মামলা করতে দেরি হয়।

এ ঘটনার পর আসামিরা ও ফরহাদের বাবা-ভাই পলাতক রয়েছেন। এ কারণে তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কিশোরীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছে। ফরহাদকে বাড়িতে না পেয়ে তাঁর মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।