স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও পরে এর ভিডিও চিত্র ইন্টারনেটে প্রচারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার চরফলকন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন চরফলকন গ্রামের সোহাগ হোসেন, কামরুজ্জামান, রিয়াজুল ইসলাম ও আকলিমা বেগম। অন্য তিনজন হলেন উপজেলার চরনেয়ামত গ্রামের নাছিজুর রহমান নাহিদ এবং চরফলকন গ্রামের আবদুর রহমান ও আক্তার হোসেন।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেনের ভাষ্য, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি কমলনগর উপজেলায়। সে গত বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে এই মামলার আসামি সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ৩১ জানুয়ারি সোহাগ ওই ছাত্রীকে কৌশলে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ সময় মামলার অপর আসামিরা ধর্ষণের গোপন ভিডিও চিত্র ধারণ করেন। পরে সোহাগ ও তার সহযোগীরা গত ৩১ ডিসেম্বরে ওই ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়। খবর পেয়ে ওই স্কুলছাত্রীর বাবা গতকাল মামলা করেন। মামলার পর পুলিশ গতকাল গভীর রাতেই অভিযান চালিয়ে আজ ভোরে চারজনকে গ্রেপ্তার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহমদ প্রথম আলোকে বলেন, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও তথ্য প্রযুক্তি আইনে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। বাকি তিন আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।