স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে পিরোজপুর শহরে আবাসিক হোটেলে নিয়ে গত মঙ্গলবার এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মুঠোফোনের মাধ্যমে আমতলীর এক যুবকের (৩০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবক ও তাঁর বন্ধু ছাত্রলীগের নেতা মোটরসাইকেলে করে পিরোজপুর শহরে নিয়ে এসে একটি আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তাঁরা। এ সময় মেয়েটি কৌশলে পালিয়ে হোটেলের কাছে একটি বাড়িতে আশ্রয় নেয়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় সে থানায় গিয়ে মামলা করে। পুলিশ রাতেই পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করে। অপর যুবক পলাতক রয়েছেন।