স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা না করতে হুমকি-ধমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে ৭ আগস্ট সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য নেওয়া হয় গ্রামের কবিরাজের কাছে। তবে কবিরাজ কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় গ্রাম্য সালিসের আয়োজন করে ওই কবিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে গোপনে কবিরাজের কাছ থেকে সালিসকারীরা ৫০ হাজার টাকা উৎকোচ নেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আনোয়ার হোসেন (৫০) নামের ওই কবিরাজকে গ্রামে দেখা যাচ্ছে না। এ ছাড়া মামলা না করার জন্য ওই ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর ওই ছাত্রীর মা ঢাকার ধামরাইয়ে থাকেন। তিনি সাভারের জুতা তৈরির একটি কারখানায় কাজ করেন। ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ঈদুল ফিতর উপলক্ষে মেয়েকে নিয়ে ধুলশুড়া ইউনিয়নে বেড়াতে যান ওই নারী। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ৭ আগস্ট বিকেলে চিকিৎসার (ঝাড়ফুঁক) জন্য মেয়েকে গ্রামের কবিরাজ আনোয়ারের কাছে নিয়ে যান তিনি। কৌশলে আনোয়ার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে লোকজন এসে পড়ায় ধর্ষণ করতে পারেননি আনোয়ার। ওই দিন রাতে আনোয়ারের বাড়িতে সালিস বৈঠক বসানো হয়। ধুলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, ইউনিয়ন যুবলীগের নেতা কামরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফালু মিয়া, গ্রামের মাতবর হারুনুর রশিদ, শাকেদ আলী ও ওহাব আলী সালিসে আনোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গত সোমবার সরেজমিনে ওই গ্রামে ভুক্তভোগী পরিবারের কাউকে পাওয়া যায়নি। আনোয়ারের বাড়িতে গিয়ে তাঁকে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কবিরাজের ভাই পত্রিকায় প্রতিবেদন না করার জন্য অনুরোধ করেন। এর পরপরই সেখানে উপস্থিত হন ধুলশুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও অন্যতম সালিসকারী কামরুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘পত্রিকায় লেইখা কী করবেন? বিষয়টি সালিসে মীমাংসা হয়ে গেছে।’
পরে ঘটনাটি পুলিশ সুপারকে জানালে তিনি হরিরামপুর থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ঘটনার প্রমাণ পায় পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করে ওই ছাত্রীর পরিবার।
ছাত্রীর মামা বলেন, ‘সালিসকারীরা মামলা না করার জন্য তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কবিরাজের কাছ থেকে সালিসকারীরা ৫০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন বলে শুনেছি।’
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।