স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের স্কুলছাত্রী ফাতেমা আক্তারকে (৯) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলো নিহতের মামাতো ভাই ও বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মো. স্বপন (২০) এবং তার বন্ধু একই গ্রামের সুমন জমাদ্দার (১৮)। সুমন ফাতেমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে গতকাল বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল বাশার মিয়ার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
ফাতেমা উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের ফুল মিয়ার মেয়ে। সে বান্ধবপাড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা বুখাইতলা বান্ধবপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। তার বাবা-মা ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। গত রোববার সকাল আটটার দিকে ফাতেমা নানাবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর অনেক খোঁজ করে তাকে পাওয়া যায়নি। পরদিন সোমবার প্রতিবেশী শাহজাহান জমাদ্দারের বাগান থেকে ফাতেমার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে ফাতেমার বাবা থানায় মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।