স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগরের কবিরাজকান্দি গ্রামে খুকুমণি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। খুকুমণি কবিরাজকান্দি গ্রামের খোকন সরদারের মেয়ে। সে স্থানীয় চরফিলিজ জয়নব উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্র জানায়, খুকুমণিকে একই গ্রামের এক কলেজছাত্র (১৯) উত্ত্যক্ত করতেন। গত রোববার রাতে ওই কলেজছাত্র খুকুমণির ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। সোমবার বিকেলে খুকুমণি চাচার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেখানে রাতে দাদির সঙ্গে তার থাকার কথা ছিল। পরের দিন ভোরবেলা তার মা ফাতেমা বেগম রান্নাঘরের পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খুকুমণিকে দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফাতেমা বেগম বলেন, ‘ওই ছেলেটি আমার মেয়েকে বিরক্ত করত। তাকে অনেকবার নিষেধ করেছি। সে শুনত না। স্কুলে যাওয়া-আসার পথে বেশি বিরক্ত করত। সে আমার মেয়েকে বাড়ির পাশে পাটখেতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। তারপর হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। পাটখেতে অত্যাচারের অনেক আলামত পাওয়া গেছে। আমরা তার শাস্তি চাই।’
খুকুমণির বাবা খোকন সরদার বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে বিরক্ত করত। বিষয়টি এলাকার মুরব্বিদের জানিয়েছিলাম। কিন্তু কেউ বিষয়টি দেখেনি। আমি মামলা দিতে চাইলেও পুলিশ বলেছে ময়নাতদন্তের প্রতিবেদন না পেয়ে মামলা নেওয়া যাবে না। তাদের অনেক টাকা। তারা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’
গতকাল বুধবার দুপুরে কবিরাজকান্দি গ্রামে ওই কলেজছাত্রের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে তাঁর মা বলেন, সোমবার ইফতারের পর তাঁর ছেলে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে ফিরে আসেন। আবার কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার ভোরে বের হয়ে যান। এখন তিনি কোথায় আছেন তিনি জানেন না।
সখীপুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।