স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আজ রোববার দুপুরে মামলা হয়েছে। মামলার পর পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রীটিকে প্রতিবেশী মো. মামুনের স্ত্রী ফাতেমা বেগম মুঠোফোনে ভিডিও গান দেখানোর কথা বলে তাঁর ঘরে ডেকে নেন। পরিবারের অভিযোগ, ফাতেমা বেগমের ঘরে ওই ছাত্রী প্রবেশের পর একই গ্রামের নন্দন মণ্ডল (২২), আমীন ফকির (২০) ও কালু শেখ (২২) গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ফেলেন। আমীন ও কালুর সহায়তায় নন্দন ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ওই ছাত্রী বাড়িতে গিয়ে ধর্ষণের কথা মা-বাবাকে জানায়। ছাত্রীর পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রেদানুল ইসলামকে জানালে তিনি থানায় মামলা না করে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করতে না পারায় মেয়েটির পরিবার থানায় মামলা করে।
ছাত্রীর মা বাদী হয়ে নন্দন মণ্ডলকে (২২) প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলার পর এজাহারভুক্ত দুই আসামি আমীন ফকির (২০) ও ফাতেমা বেগমকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে ইউপি সদস্য রেদানুল ইসলাম বলেন, ‘আমরা (জনপ্রতিনিধি) অনেক ঘটনা এলাকায় বসেই মীমাংসা করে থাকি। তবে এ ধরনের কোনো ঘটনা (ধর্ষণ) আগে কখনো মীমাংসা করিনি। বিষয়টি মীমাংসার কথা বলা হলেও মেয়েটির পরিবার আমার সঙ্গে যোগাযোগ না করায় তা সম্ভব হয়নি।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ায় পর মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।