স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ত্রিপুরা ছাত্রীকে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত বুধবার অষ্টম শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ইছাছড়া এলাকার জাহাঙ্গীর আলম (২২) নামের এক ব্যক্তি ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন। আসামিকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়।
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি শাখার সভাপতি মিশুক চাকমা ও সাধারণ সম্পাদক মিনাকী চাকমা এক বিবৃতিতে মাটিরাঙ্গায় স্কুলছাত্রীর ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।