স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করল বখাটে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে এক বখাটে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রী বার্ষিক পরীক্ষা দিচ্ছে। গতকাল চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা শেষে সে বাড়ি ফিরছিল। পথে ওই বখাটে তাকে হাত ধরে টেনেহিঁচড়ে একটি ঘরের পেছনে নিয়ে যায়। তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বখাটে তাকে চড়থাপ্পড় মারে। পরে তালের ডগা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে পালিয়ে যায়। পরে ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ওই ছাত্রী প্রথম আলোকে জানায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই বখাটে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এলাকার গণমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শেষমেশ বখাটে তার ওপর এ হামলা চালাল।
রাত নয়টার দিকে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছাত্রীকে পুলিশ পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।