স্কুলছাত্রীকে পেটানোর অভিযোগ, গ্রেপ্তার ১
রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বুধবার বিকেলে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) পেটানোর অভিযোগ উঠেছে। পরে পথচারীরা ওই ছাত্রীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাফি মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাফি প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে জীবননাশের হুমকি দিতেন। এ কারণে ওই ছাত্রীকে তার বাবা-মা পীরগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে রেখে সেখানকার একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে ভর্তি করেন। বুধবার বিকেলে ওই ছাত্রী ছুটির পর কোচিং শেষে একাই হেঁটে বাড়িতে ফিরছিল। উপজেলার উজিরপুর এলাকায় পৌঁছালে সাফি ও তাঁর এক সহযোগী মোটরসাইকেলে করে এসে ওই ছাত্রীর পথ রোধ করে রড দিয়ে পেটাতে থাকেন। এ সময় তার চিৎকারে পথচারীরা ছুটে এলে সাফি ও তাঁর সহযোগী পালিয়ে যান। পরে ওই ছাত্রীকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘আমি কোচিং শেষে একা রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায়। এরপর সাফি মোটরসাইকেল থেকে নেমেই রড দিয়ে আমাকে পেটাতে থাকে। একপর্যায়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। আমার চিৎকারে লোকজন দৌড়ে এলে তারা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। আমার সঙ্গে সাফি প্রেম করতে চায়। বিয়ে করতে চায়। রাজি না হওয়ায় সাফি আমাকে রাস্তায় ধরে মেরেছে। লোকজন এগিয়ে না এলে হয়তো আমাকে মেরেই ফেলত।’
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘সাফির অত্যাচারে মেয়েকে বাড়ি থেকে অনেক দূরের এক আত্মীয়ের বাড়িতে রেখে সেখানকার একটি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। তবুও রক্ষা পেল না আমার মেয়েটি। আমি ওদের কঠিন শাস্তি চাই।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বকুল মিয়া গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘ওই কিশোরীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। সুস্থ হতে সময় লাগবে।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতেই থানায় সাফি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পরই অভিযান চালিয়ে উজিরপুর এলাকা থেকে সাফিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।