স্কুলছাত্রীকে ফুসলিয়ে বিয়ে শিক্ষক সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীর চাপের মুখে বিদ্যালয় পরিচালনা কমিটি গত বুধবার ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
ওই শিক্ষকের নাম সাইফুল ইসলাম (৩৩)। তিনি বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের বাসিন্দা। তবে সাইফুল দাবি করেন, ওই ছাত্রীকে তিনি বিয়ে করেননি। বিয়ের জন্য তাঁর পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে মাত্র।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন সাইফুল ইসলাম। সম্প্রতি তিনি বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে বিশেষ সখ্য গড়ে তোলেন। কারণে-অকারণে তিনি ওই ছাত্রীর বাড়িতে যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এমতাবস্থায় সাইফুল ওই ছাত্রীকে আলমডাঙ্গার হারদীতে নিয়ে গিয়ে গোপনে বিয়ে করেন।
বড় গাংনী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘শিক্ষকেরা গুরুজন। সেই শিক্ষকের যদি ছাত্রীদের প্রতি খারাপ নজর পড়ে, তাহলে তাঁর নৈতিকতা তলানিতে ঠেকে যায়। এ ধরনের শিক্ষকের কাছে বিদ্যালয়ের কোনো ছাত্রীই নিরাপদ নয়।’
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর চাপে পড়ে বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি সভায় বসে। কমিটির সভাপতি আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় শিক্ষক সাইফুল ইসলাম এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরও হাজির করানো হয়। সভায় শিক্ষক সাইফুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পরিচালনা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সাময়িক বরখাস্ত সাইফুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।