স্কুলছাত্রীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে গত শনিবার এক স্কুলছাত্রীকে মারধর করার ও তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার পুলিশ ও ওই স্কুলছাত্রীর পরিবারিক সূত্রে জানা গেছে, রাধাকৃষ্ণপুর গ্রামের বাটুল মিয়ার একটি ছাগল গত শুক্রবার ওই স্কুলছাত্রীর ভাইয়ের জমিতে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ছাগলটিকে পেটায় ছাত্রীর ভাই। পরে ছাগলটি অসুস্থ হলে জবাই করা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে এক সালিস বৈঠকে ছাগলের মূল্য পরিশোধের সিদ্ধান্ত হয়। গত শনিবার সকালের মধ্যে ওই টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু ওই ছাত্রীর ভাই সময়মতো টাকা পরিশোধ না করায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বাটুল মিয়ার ছেলে আরিফ মিয়া (২০), একই গ্রামের রাকিব মিয়া (১৮) ও আশিক মিয়া (১৮) ওই ছাত্রীকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা ছাত্রীর মাথার চুল কেটে দেন।
পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আরিফ, রাকিব, আশিক, বাটুল, সালামসহ ছয়জনকে আসামি করে ওই দিন রাতে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বাটুল ও তাঁর ছোট ভাই সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘সামান্য ঘটনায় তাঁরা আমার মেয়েকে মারধর ও মাথার চুলও কেটে দিয়েছেন।’
এ ব্যাপারে বাটুল থানায় প্রথম আলোকে বলেন, ‘চুল কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা। আমাদের ফাঁসানোর জন্য মেয়ের চুল কেটে দিয়েছে স্কুলছাত্রীর মা। তাকে মারধরের অভিযোগও মিথ্যা।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ, রাকিব ও আশিক পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মারধরের ঘটনা ঘটেছে ঠিক। কিন্তু চুল কেটে দেওয়ার বিষয়টি রহস্যজনক। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।