স্কুলছাত্রীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় বখাটের হামলায় খাদিজা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তোফায়েল আহম্মেদ (২০) ও তার সহযোগী নয়ন হোসেন (২১) নামের দুই বখাটে মেয়েটিকে মোটরসাইকেলে চাপা দিয়ে রাস্তায় ফেলে মারধর করে। গুরুতর আহত মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত স্কুলছাত্রীর চাচা থানায় এজাহার দিলেও আওয়ামী লীগের এক স্থানীয় নেতার প্রভাবে পুলিশ তা তালিকাভুক্ত করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খাদিজা গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে অনুসরণ করতে থাকে। সকাল সাড়ে আটটার দিকে বাগমারা গ্রামের মাহাতাবের বাড়ির কাছে পৌঁছালে মেয়েটিকে একা পেয়ে মোটরসাইকেলটি তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলে থাকা এক বখাটে ওড়না ধরে টান দিয়ে ও লাথি মেরে মেয়েটিকে রাস্তায় ফেলে দেয়। তখন মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুই বখাটে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জনি ইসলাম বলেন, মেয়েটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। দুই কান দিয়ে রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর চাচা মজনুর রহমান বাদী হয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের ইয়াহিয়ার ছেলে বখাটে তোফায়েল আহম্মেদ ও তার সহযোগী গণিপুর ইউনিয়নের একডালা গ্রামের রমজান আলীর বখাটে ছেলে নয়ন হোসেনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন। তবে গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত পুলিশ মামলা তালিকাভুক্ত করেনি।
স্কুলছাত্রীর চাচা মজনুর রহমান অভিযোগ করেন, বখাটে তোফায়েল অনেক দিন ধরে তাঁর ভাতিজিকে বিয়ে ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। খাদিজা সম্মত না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকিও দিচ্ছিল সে। এ বিষয়ে বখাটের আত্মীয়স্বজনের কাছে অভিযোগও করা হয়। তবে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ করায় ওই বখাটে আরও ক্ষিপ্ত হয়ে তাঁর ভাতিজিকে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে।
স্কুলছাত্রীটির পরিবার আরও অভিযোগ করে, বখাটেরা স্থানীয় গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবদুস সোবহানের দেহরক্ষী। আওয়ামী লীগের এই নেতার প্রভাবেই পুলিশ মামলা নিচ্ছে না।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন স্কুলছাত্রীর চাচার লিখিত এজাহার পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাটি মামলা হবে কি না, তা তদন্ত করে দেখা হবে। পুলিশের একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে ঘটনা মামলার উপযোগী হলে তা তালিকাভুক্ত করা হবে।
এদিকে আওয়ামী লীগের নেতা আবদুস সোবহান বলেন, নয়ন তাঁর গাড়িচালক। তবে মামলা নেওয়া না-নেওয়ার বিষয়ে প্রভাব বিস্তারের কথা অস্বীকার করেন তিনি।
স্কুলছাত্রীটির বাবা নজরুল ইসলাম বলেন, তাঁর মেয়ের অবস্থা ভালো না। জ্ঞান ফিরলেও অপরিচিত লোকজন দেখলেই আঁতকে উঠছে। কান দিয়ে থেমে থেমে রক্ত বের হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, খাদিজার জ্ঞান ফিরলেও এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।