স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের শাস্তি জুতার মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রামবাসী এক যুবককে আটক করে। আটক যুবককে পুলিশে না দিয়ে গ্রাম্য সালিসে জুতার মালা পরিয়ে বেত্রাঘাত করে বিচার শেষ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মাতব্বরেরা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

অভিযুক্ত ওই যুবক (২৫) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায় নানাভাবে উত্ত্যক্ত করেন ওই যুবক। গত রোববার স্কুল থেকে ফেরার পথে ফের মেয়েটিকে উত্ত্যক্ত করতে চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার অভিযোগ পেয়ে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলামের নির্দেশে গত রোববার রাতেই আনোয়ার হোসেনকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে আজ বেলা ১১টায় ইউনিয়নের নয়াপাড়া বাজারে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। সালিসে ইউনিয়ন পরিষদের নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ, ইউপি সদস্য মিজানুর রহমান, স্থানীয় মাতব্বর আবদুল আওয়ালসহ গ্রামের বেশ কয়েকজন মাতব্বর উপস্থিত ছিলেন। ওই সালিসে ওই যুবককে দোষী সাব্যস্ত করে গলায় জুতার মালা পরিয়ে বেত্রাঘাত করতে করতে কান ধরে গ্রামের রাস্তায় ঘোরানো হয়। পরে শাস্তিস্বরূপ অভিযুক্তের পাঁচ গন্ডা জমি ওই স্কুলছাত্রীর নামে লিখে নেওয়া হয়।
এ সময় যুবকের গলায় জুতার মালা পরিয়ে বাহুতে গামছা বেঁধে কান ধরা অবস্থায় নয়াপাড়া এলাকায় ঘোরানো হয়। এ সময়ে এলাকাবাসী মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজে গ্রাম পুলিশের দুই সদস্যকে তাঁর হাতে বাঁধা গামছার এক মাথা ধরে হেঁটে যেতে যেতে বেত্রাঘাত করতে দেখা যায়। এ সময় উৎসুক জনতা তাঁদের পিছু নিয়ে হাঁটতে দেখা যায়।
গ্রামের একাধিক বাসিন্দা জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিচার গ্রাম সালিসে হতে পারে না। এটা পুলিশকে অবহিত করে তাদের হেফাজতে দেওয়া উচিত ছিল। কিন্তু স্থানীয় চেয়ারম্যান ও মাতব্বরেরা তা না করে নিজেরাই বিচার করেছেন।
গাজীপুর জজ কোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, ‘যেসব বিষয়ে আইন আছে, দণ্ডের বিধান আছে বা আদালতে বিচার করা যায়—এমন বিষয়ে সালিসে বিচার করা যায় না। জুতার মালা পরিয়ে ঘোরানো আইনবিরুদ্ধ কাজ। এটা ফতোয়াবাজির মতো বিষয়।’
এ বিষয়ে অভিযুক্ত যুবকের ভাই সানোয়ার হোসেন জানান, তাঁর ভাইকে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে ধরে নিয়ে গ্রামের রাস্তায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এ অবস্থায় তাঁকে মারধরের কারণে তিনি এখন আহত অবস্থায় বিছানায় পড়ে আছেন। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী ও মেয়েকে পাঁচ গন্ডা জমিও লিখে দিতে হয়েছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান জানান, অভিযোগ ওঠায় ওই যুবককে চেয়ারম্যান ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সালিসে যে সিদ্ধান্ত হয়েছে, সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে অভিযুক্ত যুবককে চুরির অভিযোগে শাস্তিও দেওয়া হয়েছিল। তিনি এ ধরনে অপরাধ আগেও করেছিলেন। তাঁকে পুলিশে না দিয়ে নিজেরাই বিচার করা ঠিক হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা-ই হয়েছে। তাঁর মতের বিরুদ্ধে আমরা যাইনি।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ইউনিয়ন পরিষদের একটি জরুরি সভায় ব্যস্ত থাকায় পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন তাঁরা। ঘটনা জানার পর তাঁরা তদন্ত করছেন।