স্কুলছাত্রীদের ওপর হাঁসুয়া নিয়ে হামলা, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে চার স্কুলছাত্রীর ওপর হাঁসুয়া নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়েছে এক ব্যক্তি। হাঁসুয়ার কোপে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার সহপাঠী আরও তিন ছাত্রী।
আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনার পরই এলাকাবাসী আব্দুল মালেক নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ছাত্রীর নাম কণিকা রানী ঘোষ। তার বাড়ি মহিপুর এলাকায়। সে মৃত লক্ষ্মণ ঘোষের মেয়ে। আহত তিন ছাত্রী হলো, তারিন আফরোজ, মরিয়ম খাতুন ও তানজিমা। তাদের মধ্যে তারিন ও তানজিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরিয়ম চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই দশম শ্রেণিতে পড়ে।
কণিকার চাচা হরিশ চন্দ্র ঘোষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে কণিকা সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফিরছিল। এ সময় আব্দুল মালেক নামে এক ব্যক্তি হাঁসুয়া হাতে তাদের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ছাত্রীদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কণিকাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল মালেক মাদকাসক্ত। তিনি প্রায়ই হাঁসুয়া নিয়ে রাস্তায় বের হন। সাধারণ মানুষকে ভয় দেখান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় জনতা আব্দুল মালেককে পুলিশে সোপর্দ করেছে। তাঁর ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।