
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আজমেরি আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে এক সহপাঠী তাকে লাঞ্ছিত করেছিল। এর জেরেই আজমেরি গত বুধবার সন্ধ্যায় নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
আজমেরি (১৪) সদর উপজেলার পাঁচখোলা মুক্তিসেনা হাইস্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। অভিযোগ উঠেছে, সম্রাট নামের ওই সহপাঠী তাকে দুই মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। সে আজমেরিকে ১৯ আগস্ট টিফিনের বিরতির সময় জোর করে বিদ্যালয়ের একটি খালি কক্ষে নিয়ে যায়। এরপর সেখানে তাকে লাঞ্ছিত করে।
আজমেরির মা ঝর্ণা বেগম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, মেয়ে তাঁকে প্রথমে ঘটনাটি জানায়নি। কিন্তু ওই দিন থেকে সে মন খারাপ করে ঘরে বসে থাকত। কারণ জানতে চাইলে একপর্যায়ে সম্রাটের আচরণের কথা মাকে বলে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি মেয়েকে নিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার বিদ্যালয় থেকে ফিরে আজমেরি আবার কান্নায় ভেঙে পড়ে। পরদিন সে বিদ্যালয়ে যায়নি। সন্ধ্যার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।
আজমেরির বাবা সিরাজ মাতুব্বর বলেন, ‘আমার মেয়েটি লাজুক স্বভাবের। সহজে কাউকে কিছু বলত না। সম্রাট ওই দিন আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছিল। তা না হলে মা আমার গলায় ফাঁস দেবে কেন?’
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক জানিয়েছেন, ১৯ আগস্ট লাঞ্ছিত হওয়ার ঘটনা আজমেরি তাৎক্ষণিকভাবে তার শ্রেণিশিক্ষক সালমা বেগমকে জানায়। সালমার পরামর্শে ২২ আগস্ট লিখিতভাবে অধ্যক্ষকেও বিষয়টি জানানো হয়। এ ঘটনা তদন্তে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল আলম, দুলাল মুখার্জী, কামাল হোসেন মৃধা ও সালমা বেগমকে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেয়।
গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে পাঁচখোলা মুক্তিসেনা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল বাশার মিয়া বলেন, ‘মেয়েটির অভিযোগ পেয়ে সম্রাটকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম। সে অভিযোগ অস্বীকার করে। তখন ঘটনাটি জানার জন্য তদন্ত কমিটি করে দেই। আমরা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগেই মেয়েটি আত্মহত্যা করে।’
আজমেরি ঠিক কী অভিযোগ করেছিল এবং তদন্তে কী পাওয়া গেছে, সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান আবুল বাশার।
গতকাল বিকেল চারটার দিকে একই গ্রামে সম্রাটদের বাড়ি গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়। প্রতিবেশীরা বলেন, আজমেরি মারা যাওয়ার খবর শোনার পর ওই বাড়ির লোকজন বাড়ি ছেড়ে চলে যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘বৃহস্পতিবার মাদারীপুর সদর হাসপাতাল মর্গে স্কুলছাত্রী আজমেরির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মেয়েটির মা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার মৃত্যুর জন্য কেউ দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ১৩ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের দাবি, বখাটেরা তাদের বিষ খাইয়ে ও নির্যাতন করে হত্যা করেছে।