স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে পপি রানী (১১) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের দিনমজুর দীনেশ চন্দ্রের মেয়ে। সে হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নীরেন্দ্র নাথ রায় বলেন, আপাতত ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও কখন কীভাবে এ ঘটনা ঘটেছে, কেউ বলতে পারছে না। এ কারণে এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
পার্বতীপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জীব কুমার বর্মণ বলেন, সকালে শিশুটির বাবা-মা কাজ করতে মাঠে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরে তাঁরা ঘরের বারান্দায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বাবা-মা মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।