স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম অঞ্জনা শীল (১৫)। সে ওই গ্রামের কালিপদ শীলের মেয়ে ও সদরপুর উপজেলার বাইশরশি শিবসুন্দরী একাডেমির মানবিক শাখার নবম শ্রেণির ছাত্রী ছিল।
অঞ্জনার বড় বোন দেবী শীল বলেন, সকাল থেকে ওর (অঞ্জনা) প্রচণ্ড মাথাব্যথা করছিল। একপর্যায়ে মা কনকলতা শীল ওষুধ আনতে বাড়ির বাইরে যায়। কিছুক্ষণ পর মা ফিরে দেখেন অঞ্জনার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। পরে ওই কক্ষের জানালা ভেঙে দেখা যায় সে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে। পরিবারের সদস্যরা তাকে নিচে নামান।
স্থানীয় নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, কালিপদ খুবই দরিদ্র। তিনি বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে। সন্তানদের মধ্যে অঞ্জনা তৃতীয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, অঞ্জনার বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।