স্কুলছাত্রীর ভাইকে গলা কেটে 'হত্যার চেষ্টা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলপড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বড় ভাইকে গলা কেটে ‘হত্যার চেষ্টা’ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত নয়টার দিকে একই গ্রামের মো. মুসাসহ কয়েক যুবক কথা আছে বলে নূর মোহাম্মদ ওরফে সুজনকে (২২) ডেকে বাড়ির সামনের কালভার্টের কাছে নিয়ে যান। এরপর ওই যুবকেরা নূর মোহাম্মদের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ি থেকে পরিবারের লোকজনকে এগিয়ে আসতে দেখে যুবকেরা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা নূর মোহাম্মদকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নূর মোহাম্মদের গলার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে একটি আঘাত করা হয়েছে। এতে তাঁর গলার রক্তনালিসহ বেশ কিছু অংশ কাটা গেছে। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নূর মোহাম্মদকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
নূর মোহাম্মদের বড় ভাই মো. হানিফ ওরফে সোহাগ প্রথম আলোকে বলেন, একই গ্রামের বখাটে মুসা বেশ কিছুদিন ধরে তাঁর স্কুলপড়ুয়া বোনকে উত্ত্যক্ত করে আসছে। তাঁর ছোট ভাই নূর মোহাম্মদ এর প্রতিবাদ করে। উত্ত্যক্ত করার কারণে তাঁর বোন নিয়মিত বিদ্যালয়েও যেতে পারে না। উত্ত্যক্তের ঘটনায় তাঁর মা তিন দিন আগে মুসার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুসা তার আরও কয়েকজন সহযোগীকে নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁর ভাই নূর মোহাম্মদকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ছেলেকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদের মা মমতাজ বেগম মুসাসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।