স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রামের সাতকানিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে এক যুবক তার শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ওই যুবক পালিয়ে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ওই ছাত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
সাতকানিয়া থানার এসআই হিরু বিকাশ দে বলেন, গ্রেপ্তার যুবক ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার দুপুরে তিনি ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।