স্কুলছাত্রীর সম্মানহানি মামলায় কোচিংয়ের শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সম্মানহানির অভিযোগে মামলায় স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক মো. বিপ্লবকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দগ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিপ্লব উপজেলার হাপুনিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা–পুলিশের এসআই এবাদ আলী মোল্লা বলেন, ২১ সেপ্টেম্বর রাতে কোচিং সেন্টারের ওই শিক্ষক এক ছাত্রীর সম্মানহানির ঘটনায় মেয়েটির মা বিপ্লবকে আসামি করে মামলা করেন। এরপরই বিপ্লব গ্রাম ছেড়ে পালান। বিপ্লব ওই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ওই ছাত্রীর সম্মানহানি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
২১ সেপ্টেম্বর রাতে বিপ্লব ওই ছাত্রীর বাড়িতে কৌশলে ঢুকে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।