স্কুলছাত্রীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এর মধ্যে আহত স্কুলছাত্রী ও তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের তেলকাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গ্রামের ফারুক হাওলাদারের সঙ্গে প্রতিবেশী শহিদ শেখ ও হালিম শেখের কথা-কাটাকাটি হয়। পরে রাত নয়টার দিকে শহিদ শেখ ও হালিম শেখের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা ফারুক হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ফারুক হাওলাদার, তাঁর মেয়ে সাদিয়া, মুক্তা ও স্ত্রী সাজেদা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। সাদিয়া ও মুক্তাকে প্রথমে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সাদিয়া আক্তার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ছাড়া ফারুক হাওলাদার ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ফারুক হাওলাদার টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে শহিদ শেখ ও হালিম শেখের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁরা ধরেননি। টঙ্গিবাড়ী থানার এসআই তারেকুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’