স্কুলছাত্রের আত্মহত্যার জের ধরে শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক স্কুলছাত্রের আত্মহত্যার জের ধরে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আহত তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত প্রিন্স মণ্ডল (১৩) বল্লভপুর গ্রামের সুখেন মণ্ডলের ছেলে। সে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস গতকাল সকালে এক ছাত্রীকে প্রেমপত্র দেওয়াকে কেন্দ্র করে প্রিন্সকে বকা দেন। তখন প্রিন্স বিদ্যালয় থেকে বাড়িতে চলে যায়। দুপুর ১২টার দিকে ঘরের চাল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা ওই বাড়িতে যান। এ সময় গ্রামের লোকজন উত্তেজিত হয়ে তাঁদের মারধর করে। এতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পল মজুমদার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও বল্লভপুর ইম্মুনুয়ের মিশন চার্চের প্রধান পুরোহিত সিমসন মজুমদার আহত হন। পরে তাঁরা স্থানীয় দুটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রিন্স মণ্ডলের বাবা সুখেন মণ্ডল বলেন, ‘আমি খেতে কাজ করছিলাম। খবর পেয়ে বাড়িতে আসি। কী কারণে ছেলে আত্মহত্যা করেছে, তা জানি না। কারোর ওপর আমার অভিযোগ নেই। এলাকার মানুষ উত্তেজিত হয়ে শিক্ষকদের মারধর করেছে।’

মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ছাত্রের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।