স্কুলছাত্রের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মিনহাজ কাজী নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে শহরের পৌরসভার তেঘুরিয়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিনহাজ (১৬) শহরের স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার বগারচর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সাহেব আলী কাজীর ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে সাহেব আলী বর্তমানে পৌর এলাকার তেঘুরিয়া এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত আটটার দিকে মিনহাজ তেঘুরিয়ার বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। এলাকাবাসী গতকাল সকালে তেঘুরিয়া এলাকার নির্মাণাধীন একটি হাসপাতালের পাশে ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের হাতে তুলে দেয় পুলিশ। নিহতের ভাই মইনুদ্দীন কাজী বলেন, তাঁদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তাঁর ভাইকে কে বা কারা কেন হত্যা করল, সে বিষয়ে তাঁরা কোনো ধারণা করতে পারছেন না।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, রোববার রাতে মিনহাজকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। তার গলা কাটা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।