স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতা এলাকা থেকে আজ শনিবার সাদনান সামি (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাদনান স্কলাস্টিকা স্কুলের মিরপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার বিকেলে বাবা-মার সঙ্গে বেড়াতে গিয়ে আইসক্রিম খেতে চায় সাদনান। তার বাবা আইসক্রিম কিনে দিলে রাস্তায় সেটি খেতে চায় সে। কিন্তু সাদনানের বাবা আইসক্রিম খেতে নিষেধ করেন। বাসায় গিয়ে খেতে গিয়ে ছেলেটি দেখে আইসক্রিম গলে গেছে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে সাদনান। রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যায় সে। আজ সকালে ডাকাডাকির পরও দরজা খোলেনি সাদনান। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান বাবা মা।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, বাবা মায়ের সঙ্গে অভিমান করে সাদনান আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।