স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে আজ বৃহস্পতিবার সকালে মারুফ মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে—পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার পর পুলিশ দুজনকে আটক করেছে।

মারুফ পরিবারের সঙ্গে উপজেলার ভুলতা ইউনিয়নের ভান্ডাবো গ্রামে থাকত। সে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) শাহ আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আজ দুপুরে বসতঘর থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল।

পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, মারুফের বাবা ওমর আলী একজন শ্রমিক। তিনি আজ ভোরে কাজে বেরিয়ে যান। আর মা এক অসুস্থ রোগীকে দেখতে যান। বাসায় মারুফ ছাড়া কেউ ছিল না। পরে মা ফিরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবার পুলিশের কাছে হত্যার অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশী ভাড়াটেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।