স্কুলব্যাগে ইয়াবা বিক্রির প্রস্তুতি, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে স্কুলব্যাগে করে ইয়াবা বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি থানার চেরাগী মোড় এলাকা থেকে র‍্যাব-৭ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মিঠু শীল (২৫) ও সৌমিত্র চৌধুরী (২৬)।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির ২ লাখ ৯৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো একটি কালো স্কুলব্যাগের ভেতর ছিল।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাবের কাছে স্কুলব্যাগের ভেতর করে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।