স্কুলমাঠ দখল করে দোকান নির্মাণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে স্থানীয় নছের উদ্দিন বিদ্যালয় এবং এর দক্ষিণ পাশের মাঠ মিলে মোট ৯০ শতাংশ জায়গা দান করেন। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েক গ্রামের শিশু, কিশোর ও তরুণেরা এ মাঠে খেলাধুলা করছে। মাঠের পাশেই নিরালি বাজার। এ ছাড়া সপ্তাহে সোমবার ওই মাঠে হাট বসে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা হাটে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করে থাকেন।
জমিদাতা নছের উদ্দিনের কোনো সন্তান ছিল না। তবে দুই বছর আগে তাঁর ওয়ারিশেরা (সম্পর্কে নাতি) সেন্টু মিয়া, ঝন্টু মিয়া ও ভাতিজা মজিবর রহমান বিদ্যালয়-সংলগ্ন দক্ষিণ পাশের আন্ধিবাড়ি মৌজায় মাঠের ১০ শতক জমি দখল করেন। সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। মজিবর রহমান ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। দোকানঘরের সামনে দিয়ে মাঠের জায়গায় পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে মাঠটি সংকুচিত হয়ে পড়ে। সম্প্রতি নিরালি মৌজায় ওই মাঠের ১৪ শতক জমিতে মাটি ফেলে
ভরাট করেন স্থানীয় জাহাঙ্গীর হোসেন ও তাঁর ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফায়জুল ইসলাম ওরফে নাজমুল। এখন সেখানে ঘর নির্মাণ করা হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, মাঠের জায়গা দখল হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেবসহ তিনজন কনস্টেবল দায়িত্ব পালন করছেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক সেখানে যান। এরপর তিনি ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন এবং মাঠের জায়গায় দোকানঘর নির্মাণ বন্ধ রাখতে অনুরোধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, বিদ্যালয়সহ মাঠের মোট জায়গা ৯০ শতাংশ। এ জায়গা বিদ্যালয়ের রেকর্ডীয় সম্পত্তি। তবে বর্তমানে ৩৩ শতক জমি বিদ্যালয়ের দখলে আছে। জমিদাতার ওয়ারিশেরা মাঠের ১০ শতক জায়গা দখল করেছেন। নতুন করে আরও ১৪ শতক জায়গায় মাটি ফেলে দখল করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত দেবেন তিনি।
তবে জাহাঙ্গীর ও ফায়জুল বলেন, পৈতৃক সূত্রে নিরালি মৌজার ওই ১৪ শতক জমির মালিক তাঁরা। এ কারণে মাটি ফেলে সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তাঁরা বলেন, ‘আন্ধিবাড়ি মৌজায় মাঠের ১০ শতক জমি দখল করেছেন মজিবর। তিনি পাকা দোকানঘর নির্মাণ করেছেন। তাহলে আমরা কেন আমাদের পৈতৃক জায়গার দখল নিতে পারব না।’
ঝন্টু মিয়া, সেন্টু মিয়া ও মজিবর রহমান বলেন, মাঠের ওই ১০ শতাংশ জায়গা নছের উদ্দিন দান করেননি। ওয়ারিশ সূত্রে ওই জায়গার মালিক তাঁরা। সে কারণে ওই জায়গায় তাঁরা দোকানঘর নির্মাণ করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, এ মাঠ প্রায় ৬০ বছরের। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা জরুরি। তাদের খেলাধুলার স্বার্থে মাঠটি দখলমুক্ত হোক, তা তিনিও চান। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে মাঠটি দখলমুক্ত করতে তিনি সহযোগিতা করবেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ব্যক্তি সম্পত্তি হলেও কোথাও কোনো খেলার মাঠ দখল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠ দখলমুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাঠটি দখলমুক্ত করতে তিনি উচ্ছেদ অভিযান চালাবেন।