স্কুলমাঠে গরুর হাট, শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেরও বেশি সময় ধরে লালমনিরহাটের হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোয় প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফলে গত ডিসেম্বর মাসে বেতন-ভাতা পাননি শিক্ষক-কর্মচারীরা। সমাধান না হওয়া পর্যন্ত বেতন বন্ধের সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ স্কুলটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে। দীর্ঘদিন ধরে প্রতি বুধবার স্কুলের মাঠে গরুর হাট বসছে। এ কারণে বুধবার বেলা ১১টার দিকে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এ গরুর হাট বসছে বলে অভিযোগ আছে।
গত ২৫ অক্টোবর লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানকে হাট বন্ধ করতে ও বুধবার পূর্ণসময় পাঠদানের জন্য ব্যবস্থা নিতে চিঠি দেন। এ নিয়ে গত ১ নভেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘স্কুল ছুটি দিয়ে গরুর হাট’ ও ২ নভেম্বর প্রথম আলোর প্রিন্ট সংস্করণে ‘বিদ্যালয় মাঠে গরুর হাট, বুধবার বেলা ১১টায় ছুটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর গত ৮ নভেম্বর একই নির্দেশ দিয়ে প্রধান শিক্ষককে আরও একটি চিঠি দেয় জেলা শিক্ষা কার্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গরুর হাটটি সরানোর জন্য দুই মাসের সময় চেয়ে জেলা শিক্ষা কার্যালয়ে আবেদন করেন। কিন্তু আবেদন নাকচ করে দেয় কর্তৃপক্ষ। পরে গত ১৫ ডিসেম্বর এক চিঠির মাধ্যমে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ এমপিওভুক্ত সব শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ করে দেওয়ার কথা জানায় জেলা শিক্ষা কার্যালয় কর্তৃপক্ষ।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্কুলের মাঠে গরুর হাট বসিয়ে স্কুল ছুটি দেওয়া একটি খারাপ নজির। এটি শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি মাথায় রেখে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের বেতন সদর উপজেলার বড়বাড়ীহাট সোনালী ব্যাংক শাখায় জমা হয়। এ শাখার ব্যবস্থাপক এরশাদুল হক প্রথম আলোকে বলেন, ওই স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন না দেওয়ার জন্য জেলা শিক্ষা কার্যালয় থেকে একটি চিঠি ব্যাংকে এসেছে। ডিসেম্বর মাসে বেতন দেওয়া হয়নি। এ ব্যাপারে সমস্যা সমাধান হওয়ার পর প্রত্যয়নপত্র পাওয়া গেলেই কেবল বেতন দেওয়া হবে।
জানতে চাইলে হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এত দিন গরুর হাট বসেছিল। বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্তের কথা শুনে আর মাঠে গরুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এখন সমস্যার সমাধান হবে।